সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে টিম আইএসসিএল এবং এলিট পেইন্ট আর সি নিজ নিজ খেলায় জিতেছে। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় টিম আইএসসিএল ৪০ রানে বাকলিয়া একাদশকে পরাজিত করে। টসে হেরে আইএসসিএল প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে তারা ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুশফিকুল আলম ৪৮, অর্জুন চৌধুরী ৩২, সালমান বিন আজিজ ২৮ এবং মারওয়ান চৌধুরী ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। বাকলিয়া একাদশের পক্ষে ইকবাল হোসেন ২টি উইকেট লাভ করে। জবাব দিতে নেমে বাকলিয়া একাদশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৪ রান করে। দলের হয়ে নাজমুল ইসলাম অপরাজিত ৪১ রান করে। এছাড়া সাকিব উদ্দিন ২২ এবং অনিক ১৭ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। প্লেয়ার অব দি ম্যাচ বিজয়ী দলের মুশফিকুল আলমের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার সুজা ইরফান এবং সিজেকেএস কাউন্সিলর আরিফ আহমেদ চৌধুরী। এলিট পেইন্ট আর সি এবং বন্দর সাদা দলের অপর ম্যাচটি টাই হয়। পরে সুপার ওভারে এলিট পেইন্ট জয়লাভ করে। টসে জিতে বন্দর প্রথমে ব্যাট করে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১০৮ রান তোলে। দলের হয়ে আল আমিন অপ. ২৮, ফাহিম পারভেজ ২০ এবং ইয়াহিয়া মাহির ১৯ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। এলিট পেইন্ট দলের নাহিদ এবং রবি ২টি করে উইকেট নেন। জবাবে এলিট পেইন্ট সব উইকেট হারিয়ে ২০ ওভারে ১০৮ রান করে। দলের পক্ষে মিসবাহ ৩৪,শামিম ১৫ এবং রবি ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান।
বন্দর দলের আনোয়ার ৪টি উইকেট লাভ করেন। সুপার ওভারে এলিট পেইন্ট ২ উইকেট হারিয়ে ৮ রান সংগ্রহ করে। অন্যদিকে বন্দর সাদা দল ২ উইকেট হারিয়ে ৭ রান তুলতে সক্ষম হয়। প্লেয়ার অব দি ম্যাচ আনোয়ার হোসেনের হাতে পুরস্কার তুলে দেন শতদল ক্লাবের প্রতিনিধি আবদুল মোমেন বাবু ও সাবেক ক্রিকেটার নিয়াজ উদ্দিন চৌধুরী জকি।












