সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল বুধবারের খেলায় টিম আইএসসিএল ও বাকলিয়া একাদশ নিজ নিজ খেলায় জিতেছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আইএসসিএল ৯২ রানে এলিট পেইন্ট আর সিকে পরাজিত করে। টসে হেরে আইএসসিএল প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা ১৫৪ রান সংগ্রহ করে। ওপেনার মুশফিক আলম ৫৭ বল খেলে ৮টি চার এবং ৩টি ছক্কায় অপরাজিত ৮০ রান করেন। অন্যদের মধ্যে অর্জুন চৌধুরী ১৬ এবং ইশতিয়াক হোসেন অপরাজিত ৪২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। এলিট পেইন্টের হয়ে ১টি করে উইকেট নেন মিসবাহ ও রবিউল। জবাবে এলিট পেইন্ট ১৭ ওভারে সব উইকেট হারিয়ে ফেলে মাত্র ৬২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন ফাইয়াজ আহমেদ ২২,রবিউল করেন অপ. ১০ রান। অতিরিক্ত থেকে আসে ১১ রান। আইএসসিএল এর পক্ষে ২টি করে উইকেট নেন তামিম, মনজুরুল,খুরশেদ এবং সোহান। ১টি করে উইকেট পান মারওয়া এবং জুনাইদ।

ম্যাচ সেরা নির্বাচিত হন মুশফিক আলম। তার হাতে পুরস্কার তুলে দেন আইএসসিএল কোচ আজিম উদ্দিন এবং এলটি পেইন্ট দলের ম্যানেজার প্রদীপু বাবু। দিনের অপর খেলায় বাকলিয়া একাদশ ৬ উইকেটে শহীদ শাহজাহান সংঘ জুনিয়রকে পরাজিত করে। টসে জিতে শহীদ শাহজাহান সংঘ প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভার খেলে ৮ উইকেটে তারা ১১৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহেল ৩৬ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন ৪টি চার এবং ৩টি ছক্কায়। এছাড়া বিশপ ১৪, মাহতাব ১১ রান করে। অতিরিক্ত থেকে আসে ২২ রান। বাকলিয়া একাদশের পক্ষে ইকবাল ১৩ রান দিয়ে ৩টি এবং সাকিবুল ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট পান আশরাফুল, নাজমুল এবং তীর ধর। জবাবে বাকলিয়া একদাশ ১৭.১ ওভার খেরে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান তুলে নেয়। ওপেনার রাকিবুর ২৭ বলে ৪৫ রান করেন ৫টি চার এবং ৩টি ছক্কায়। ওবায়দুল অপরাজিত থাকেন ৩৩ বলে ৪০ রান করে। ৩টি করে চার–ছক্কা ছিল তার ইনিংসে। এছাড়া মাহির করেন ১৭ রান। শাহজাহান সংঘ জুনিয়রের তাহিব,মাহতাব, সাকিব এবং আবদুর রহমান প্রত্যেকে ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দি ম্যাচ হন বাকলিয়া একাদশের ওবায়দুল। তার হাতে পুরস্কার তুলে দেন বাকলিয়া একাদশের কাউন্সিলর রিফাত বিন আমীন এবং শাহজাহান সংঘ জুনিয়রের ক্রিকেট সম্পাদক শাহেদ সাকি।












