রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও অবৈধভাবে পরিচালিত ‘হামীম গ্রীণ অয়েল কোম্পানী’ নামে একটি টায়ার ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে পোমরা ইউনিয়নের শান্তিরহাট সত্যপীর মাজার গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদন করা হচ্ছিল। টায়ার পোড়ানোর ফলে নির্গত কালো ধোঁয়া ও রাসায়নিক বর্জ্য এলাকার পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছিল। পরিবেশ দূষণের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা গ্রহণ করে। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ কারখানাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন এবং বিদ্যুৎ বিভাগের সহায়তায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ভবিষ্যতে কারখানাটি যাতে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে, সেজন্য কঠোর সতর্কতা প্রদান করা হয়েছে। অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এবং রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ বিধ্বংসী এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কোনো অবৈধ কার্যক্রম রাঙ্গুনিয়ায় চলতে দেওয়া হবে না। এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।












