চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং নিয়ে শুরু হওয়া নৈরাজ্য থামাতে কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে। যেসব গাড়ি যাত্রীদের নামিয়ে দেয়ার জন্য পার্কিং এরিয়ায় প্রবেশ করবে সেগুলো থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোনো পার্কিং ফি নেয়া যাবে না। অপরদিকে টার্মিনাল ড্রাইভওয়েতে দর্শনার্থী প্রবেশ বন্ধ এবং রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের প্রটোকলে আসা কর্মকর্তা ও ব্যক্তিবর্গের প্রবেশ সীমিত করা হয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় গতকাল উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আসন্ন জাতীয় নির্বাচনসহ দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে এবং প্রথম শ্রেণির কেপিআই প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরটির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভওয়েতে সকল ধরনের যানবাহন ও যাত্রী ব্যতীত অন্যান্য দর্শনার্থীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় বিমানবন্দরে আগত যাত্রীবাহী সকল যানবাহনকে সরাসরি প্রধান পার্কিং বা কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করে যাত্রী ওঠানামা করার নির্দেশনা প্রদান করা হয়েছে। বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় কেবলমাত্র যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রবেশকৃত যাহবাহন থেকে পার্কিং টোল আদায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এছাড়া বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রাধিকারপ্রাপ্ত রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এবং তাদের পরিবারবর্গ যাত্রী হিসেবে আগমন ও বহির্গমনকালে প্রয়োজনীয় প্রটোকল সম্পাদনের জন্য সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত প্রটোকল পাশ প্রদর্শনপূর্বক ভেতরে প্রবেশ করতে পারবেন।












