টানা ৪৯ দিন জামাতে নামাজ পড়ে বাই সাইকেল পেল ২৫ শিক্ষার্থী

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে শিশুকিশোরকে নামাজে উদ্বুদ্ধ করার জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) জামে মসজিদ পরিচালনা কমিটি। নিয়মিত টানা ৪৯ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামায়াতের সাথে আদায়কারী ২৫ শিক্ষার্থীকে ২৫টি সাইকেল ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল জুমার নামাজের পর আবু বক্কর ছিদ্দিক (রা.) জামে মসজিদে ক্রেস্ট ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হযরত আবু বক্কর ছিদ্দিক (রা.) জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ নুরুল হুদা মনসুরী, বিশেষ অতিথি ছিলেন ঝিবাশি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাহের চৌধুরী, মাওলানা মো. আব্দুল মোমেন, ব্যাংকার মো. সিরাজুল ইসলাম, মাদ্রাসার খতিব মাওলানা মো. মফিজুর রহমান, সমাজকর্মী মো. সোহরাব উদ্দিন, শারখান আল বশর আকিব, আদিব আল বশর প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, পবিত্র রমজান মাসে নিয়মিত টানা ৪৯ দিন জামায়াতে নামাজ আদায়কারীদের সম্মানিত করে শিক্ষার্থীদের মাঝে ব্যতিক্রমধর্মী পুরস্কার প্রদান অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সঠিক শুদ্ধ রূপে নামাজ পড়া ও নামাজের প্রতি শিক্ষার্থীদের আন্তরিকতায় এলাকাবাসীও মুগ্ধ হয়েছে।

অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধবায়তুশ শরফে কুরআন শিক্ষার আসরের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ