সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে টানা তিন জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১১ দিন পর পুনরায় শুরু হওয়া টুর্নামেন্টের গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় তারা ১–০ গোলে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল পায় তারা। এ জয়ে মোহামেডান তাদের তিন খেলার তিনটিতেই জয় পেল। নয় পয়েন্ট পেয়ে তারা তালিকার শীর্ষে আছে। তাদের আর একটি খেলা বাকি আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের সাথে। অন্যদিকে এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব তাদের চার খেলার চারটিই শেষ করে ৫ পয়েন্ট পেয়েছে। দুটি দলই ইতিমধ্যে সেমিফাইনাল পর্বে উত্তীর্ণ হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের এ খেলার শুরু থেকেই দু’দলই আক্রমন প্রতি আক্রমন করে খেলেছে। তবে কারো আক্রমনই যুতসই হয়নি। ফলে গোলও পাওয়া হয়নি তাদের। ১৫ মিনিটে মোহামেডানের আসিফের বিপজ্জনক শট সরাসরি গোলরক্ষক সুমন জলদাশের হাতে স্থান পায়। ২৯ মিনিটে আবারো আসিফ তাড়াহুড়া করতে গিয়ে অফসাইডের ফাঁদে পড়েন। দু’মিনিট বাদেই একই দলের নকি ডান দিক থেকে শট নেন। যা গোলবারের বাইরে দিয়ে চলে যায়। ৩৬ মিনিটে এস এ ফ্যামিলির রোমান আক্রমনে উঠেন। তার ক্রস থেকে বল দিদার হয়ে ফাহিমের কাছে যায়। ফাহিমের হেড গোল পোস্টের বাইরে গেলে সুযোগ নষ্ট হয় এস এ ফ্যামিলির। ৩৮ মিনিটে পেনাল্টি লাভ করে মোহামেডান। আক্রমণে উঠা তাওহীদকে বক্সে ফাউল করেন এস এ ফ্যামিলির রক্ষণভাগের মিঠু। রেফারী শরীফুজ্জামান খান টিপু মোহামেডান পক্ষে পেনাল্টির বাঁশি বাজালে প্রতিবাদ করতে থাকেন এস এ ফ্যামিলির খেলোয়াড়রা। এক পর্যায়ে তারা খেলতে অনীহা জানিয়ে সাইড লাইনে এসে দাঁড়ান। এভাবে প্রায় ১৮ মিনিট খেলা বন্ধ থাকে। এরপরে মাঠে ফিরে আসে এস এ ফ্যামিলির খেলোয়াড়রা। তখন মোহামেডানের পক্ষে পেনাল্টি নেন মোহাম্মদ আশিক। তার শট সাইডবারে লেগে জালে গেলে মোহামেডান ১–০ গোলে এগিয়ে যায়। এ গোলের পর ৪৫ মিনিটে মোহামেডানের তানভীর আক্রমনে উঠে শট নেন। কিন্তু সে শট ধরে নেন এস এ ফ্যামিলির গোলকিপার সুমন। কাউন্টার এট্যাকে রোমানের শট মোহামেডান অধিনায়ক আকতার কর্ণারের বিনিময়ে রক্ষা করেন। এ অর্ধের একেবারে শেষে মোহামেডানের ইরফান থেকে নকি বল পেলেও তা নিয়ন্ত্রণে নিতে না পারায় তাদের আক্রমণটি ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে এস এ ফ্যামিলি গোল শোধের চেষ্টায় কিছুটা চড়াও হয়ে খেলতে থাকে। এ থেকে বেশ কিছু আক্রমণ রচনা করে তারা। তবে সেসব থেকে কোন ফল আসেনি। ৪৮ মিনিটে ফাহিমের শট মোহামেডান কিপার হাসান ফিস্ট করে রক্ষা করেন। এরপর তার একটি ফ্রি কিকও প্রতিহত করে মোহামেডান। ৫৬ মিনিটে রোমানের সেন্টার রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়ে কর্ণার হয়। খেলার অতিরিক্ত সময়ে বাবুর ফ্রি কিক থেকে ইমনের শট কর্ণারের বিনিময়ে রক্ষা করে মোহামেডান রক্ষণভাগ। তাতে করে এস এ ফ্যামিলির গোল শোধের স্বপ্ন আর পূরণ হয়নি। ফলে প্রথম পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
গতকালের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ আশিক। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের ক্রেস্ট এবং নগদ ২,০০০ টাকা তার হাতে তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক ফুটবলার মিনহাজুল আবেদীন নান্নু, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, এম এ মুছা বাবলু ও জাহিদুল হক। আজ ১৯ নভেম্বর বুধবার, দুপুর ২.৩০ টায় ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ পরস্পরের মোকাবেলা করবে।











