শ্রীলঙ্কা ‘এ’ দল ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি রুদ্ধশ্বাস ম্যাচের পর অবশেষে বড় জয়ের স্বস্তি মিলেছে বাংলাদেশের। মালেয়েশিয়াকে সহজে হারিয়ে প্রত্যাশিতভাবেই অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ ‘এ’ দল। উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে মালেয়েশিয়া জাতীয় দলকে ৯০ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল। আগের দুই ম্যাচে দারুণ উত্তেজনা ছড়িয়ে শ্রীলঙ্কা ‘এ’ দল ও থাইল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৮ দলের আসরে একমাত্র অপরাজিত দল তারাই। সেমি–ফাইনাল নিশ্চিত হয়েছিল তাদের আগেই। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি–ফাইনালে তারা প্রতিপক্ষ পেয়েছে পাকিস্তান ‘এ’ দলকে। ব্যাংককে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ওভারেই হারায় ইশমা তানজিমকে। ইশমা কোন রান করতে পারেননি। অভিজ্ঞ শামীমা সুলতানাকে বাইরে রেখে এ দিন ওপেনিংয়ে নামানো হয় রুবাইয়া হায়দারকে। এই বাঁহাতি ফেরেন ১৪ রানে। আসরে প্রথম খেলতে নেমে সুমাইয়া আক্তার রান আউটে বিদায় নেন শূন্য রানে। তিনে নামা শারমিন সুলতানা ভালো খেলে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তার ইনিংসও থেমে যায় ২৫ বলে ৩০ রান করে। ৫২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে এগিয়ে নেন লতা মন্ডল ও ফাহিমা খাতুন। দুই অভিজ্ঞ মিলে পঞ্চম উইকেটে জুটি গড়েন ৫৫ রানের। অনেক দিন ধরেই ব্যাট হাতে মিইয়ে থাকা ফাহিমা এবার করতে পারেন ২৪ বলে ২৯ রান। ১৫ ওভার শেষে লতার রান ছিল ২৮ বলে ২১। পরের সময়টায় তিনি পুষিয়ে দেন অনেকটাই। শেষ দিকে দুই ছক্কায় ১১ বলে ১৯ রান করেন সাদিয়া আক্তার। টানা দুই ম্যাচে দলের সর্বোচ্চ রান করে অভিজ্ঞ অলরাউন্ডার লতা শেষ বলে আউট হন ৪৪ বলে ৪৮ রান করে। ১ রান করে অপরাজিত থাকেন শরিফা। ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তোলে বাংলাদেশ। শেষ ৫ ওভার থেকে আসে ৫৪ রান। সিউহাদা ৩০ রানে ২টি উইকেট লাভ করেন। জবাবে অনুমিতভাবেই সেই রানের কাছাকাছিও যেতে পারেনি মালেয়েশিয়া। ২০ ওভার খেলে ৯ উইকেটে ৬১ রান করে তারা। শুরু থেকেই উইকেট হারায় তারা নিয়মিত বিরতিতে। এক পর্যায়ে তাদের স্কোর ছিল ৭ উইকেটে ৩০। ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে কিছুটা লড়াই করে ২৪ বলে অপরাজিত ২২ রান করেন নুর আরিয়ানা নাতসিয়া। আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ১০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার ফাতেমা জাহান। স্বীকৃত ক্রিকেটেই বাঁহাতি এই স্পিনারের অভিষেক ম্যাচ এটি। অফ স্পিনার শরিফা খাতুনের শিকার ২ উইকেট ১৩ রান দিয়ে। ব্যাটিংয়ে সাফল্যের পর ২ রান দিয়ে ১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন লতা মন্ডল। ফারজানা ১৪ এবং ইশমা ৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন।
সেমি–ফাইনালে শুক্রবার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ ‘এ।’ একই দিনে আরেক সেমি–ফাইনালে ভারতীয় ‘এ’ দলের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল ও থাইল্যান্ডের লড়াইয়ে জয়ী দল।









