টানা তিন জয়ে গ্রুপ সেরা চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। আগের খেলায় তারা বান্দরবান এবং মুন্সীগঞ্জ জেলাকে হারিয়েছিল। গতকাল তৃতীয় জয়ে চট্টগ্রাম ‘এইচ’ গ্রুপের শীর্ষে থেকে আগামীবার টায়ারওয়ান এ খেলার যোগ্যতা অর্জন করলো। দুই বছর আগে চট্টগ্রাম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের টায়ার টুতে নেমে গিয়েছিল।

গতকাল শনিবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৯ উইকেটে মৌলভীবাজারকে জেলা দলকে পরাজিত করে। টসে জিতে গতকাল মৌলভীবাজার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সুবিধা করতে পারেনি মোটেই। চট্টগ্রামের বাঁ হাতি স্পিনার সাজেদুল আলম রিফাতের বোলিং তোপে পড়ে ২২.৪ ওভারে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় মৌলভীবাজার। দলের পক্ষে অনুপ পাল ১৬,ইশতিয়াক আহমেদ ১৪,রায়হান আহমেদ ১১,জাবেদ হোসেন ১০ এবং সাব্বির হোসেন অপরাজিত ১০ রান করে। অতিরিক্ত থেকে যোগ হয় ৮ রান। চট্টগ্রামের সাজেদুল রিফাত ৩১ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন। মো. রুবেল একই রানে ৩টি উইকেট দখল করেন। ১টি উইকেট পান রবিউল হাসান অনিক। জবাবে চট্টগ্রাম জেলা দল ৮.৫ ওভার খেলেই ১ উইকেট হারিয়ে ৭৪ রান তুলে ফেলে। ওপেনার সাদিকর রহমান ২৮ বলে ৪ডট চার এবং ৪টি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন। কফিল উদ্দিন ১১ রান করে আউট হন। আবদুল্লাহ হানিফ ১৫ রানে অপরাজিত থাকেন। মৌলভীবাজারের মাহমুদুল হাসান ১টি উইকেট পান। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার এবং কোচের দায়িত্ব পালন করেন সাবেক দুই ক্রিকেটার যথাক্রমে আইনুল কবির জিতু এবং আবু বক্কর। দলের অধিনায়ক অধিনায়ক সাজ্জাদুল হক রিপন খেলা শেষে বলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা। ভবিষ্যতে জেলা দলগুলোতে সুযোগ সুবিধা বাড়ানো হলে, পাশাপাশি ক্রিকেট লিগগুলো ক্যালেন্ডার অনুযায়ী নিয়মিত আয়োজন করা হলে একটা সময় গিয়ে চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন ফাইট দিতে সক্ষম হবে। এ জন্য তিনি কর্তৃপক্ষের সৃষ্টি কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় শেষ সময়ের প্রস্তুতি আফঈদা, ঋতুপর্ণাদের
পরবর্তী নিবন্ধঈদে হাবিব ওয়াহিদের গান ‘বুঝি নাই তো আগে’