টানা চার জয়ে মোহরা এশিয়ান সেমিতে

সিএসসিএল-চিটাগাং রয়েল খেলা টাই

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩১ মার্চ, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় তারা ৭৫ রানের বড় ব্যবধানে বাকলিয়া একাদশ জুনিয়রকে পরাজিত করে। এ জয়ের ফলে টানা চার ম্যাচ জিতে মোহরা এশিয়ান ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান দখল করে এবং সেমিফাইনালে উন্নীত হয়। তাদের প্রতিদ্বন্দ্বি বাকলিয়া একাদশ জুনিয়র চার খেলা শেষে পেয়েছে ২ পয়েন্ট।

টসে জিতে গতকাল মোহরা এশিয়ান প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে তারা ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক জুলহাসর সাগর ২৭ বল খেলে ৮টি চার এবং ১টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ অপ. ৫৫ রান করেন। অন্যদের মধ্যে ওপেনার আফনান চৌধুরী ৪০ বলে ৪০ রান করেন। ৬টি চার ছিল তার ইনিংসে। এছাড়া সুহু ইবনে ২৩ এবং সিরাজুল মোস্তফা অপরাজিত ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। বাকলিয়া একাদশ জুনিয়রের পক্ষে প্রিয়ন্ত বড়ুয়া ২টি এবং আফনান মাহতাব ১টি উইকেট পান। জবাব দিতে নেমে বাকলিয়া জুনিয়র ২০ ওভারে ৬ উইকেটে ৭৪ রান করে থেমে যায়। দলের পক্ষে আজফার আহমেদ আইমান ১৭,জাহাঙ্গীর রাফসান ১৪ এবং আফনান মাহতাব অপরাজিত ১০ রান করেন। অতিরিক্ত থেকে জমা হয় ১৬ রান। মোহরা এশিয়ানের পক্ষে আবদুল কাইউম ৮ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট পান আবদুল্লাহ আল নাহিয়ান,সিরাজুল মোস্তফা,আফনান চৌধুরী এবং জুলহাসর সাগর। প্লেয়ার অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের জুলহাসর সাগর। তার হাতে পুরস্কার তুলে দেন সাবেক ক্রিকেটার রায়হান উদ্দিন আরাফাত।

একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলাটি টাই হয়ে যায়। এতে অংশ নেয় সিএসসিএল ক্লাব এবং চিটাগাং রয়েল। ‘এ’ গ্রুপে দুটি দলই চার খেলা শেষে ৫ পয়েন্ট করে পেলেও ৮ পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে মোহরা এশিয়ান। গতকাল টসে জিতে সিএসসিএল প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক ওমর ফারুক সজিব ৩৮ বল খেলে সর্বোচ্চ ৫২ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৯টি চারের মার ছিল। এছাড়া ওপেনার মিফতাহুল আলম অয়ন ৪০ বল খেলে ৪২ রান করেন। ৪টি চার এবং ১টি ছক্কা হাঁকান তিনি। মইনুল ইসলাম মহিন ১৩ বলে ১৪ রান করেন। চিটাগাং রয়েলের হয়ে রিদওয়ানুল হক ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট পান। ১টি করে উইকেট নেন শাহিদ আল মাহাদী,মিনহাজুল হক রাহাত এবং মহিউদ্দিন সোহাগ।

জবাব দিতে নেমে চিটাগাং রয়েল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করলে খেলা টাই হয়ে যায় এবং পয়েন্ট ভাগ করেই মাঠ ত্যাগ করতে হয় দু’দলকে। চিটাগাং রয়েলের পক্ষে আরাফাত খান মিঠুন ৩৬,সাজ্জাদ হোসেন ২৬,মাহির শাহরিয়ার প্রিয়ম ১৬,মিনহাজুল হক রাহাত ১৩, ইরশাদুল ফারহান ১২ এবং শাহিদ আল মাহাদী অপরাজিত ১০ রান করেন।

সিএসসিএল’র পক্ষে ২টি করে উইকেট শিকার করেন মিফতাহুল আলম অয়ন,ফয়েজ আবরার সিয়াম এবং আরশাদুল হক অয়ন। ১টি করে উইকেট পান আবদুল্লাহ আবির এবং ফাইরিভ হুমায়ুন অহন। অলরাউন্ড নৈপুন্যের জন্য প্লেয়ার অব দি ম্যাচ হন সিএসসিএল’র মিফতাহুল আলম অয়ন। তিনি ব্যাট হাতে ৪২ রান করেন এবং বল হাতে ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ২টি উইকেট পান। তার হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক এবং সাবেক ক্রিকেটার তৌফিকুল ইসলাম বাবু ও চিটাগাং রয়েল ক্লাবের কোষাধ্যক্ষ নাজিহা ইফরাত। আজও টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে লিটল ব্রাদার্স বনাম কে এম স্পোর্টিং ক্লাব(সকাল ৯টা),ইয়ং স্টার ক্লাব বনাম সেবা নিকেতন (দুপুর ১টা)। দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধশেষটা জয়ে রাঙাতে আশাবাদী ক্যাবরেরা
পরবর্তী নিবন্ধদেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এপ্রিলে চালু হচ্ছে : প্রধানমন্ত্রী