রেমিটেন্সে ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি স্থিতিশীল জায়গায় পৌঁছানোয় এখন আর টাকার বিপরীতে ডলারের বিনিময় হার নতুন করে না বাড়ানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের প্রশাসক আব্দুর রহিম খানের নেতৃত্বে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে দেখা করে মোট ১২ দফা সুপারিশ করে। এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর পরে সাংবাদিকদের বলেন, ডলারের অভাব না থাকায় বিনিময় হার না বাড়ানোর জন্য বলেছি। টাকার মান যেন আর না কমানো হয়। গভর্নর আমাদের বলেছেন, দেশে ডলারের কোনো অভাব নেই। এক্সচেঞ্জ রেট বাড়ানোর কোনো সুযোগে নাই। কেউ যদি বাড়িয়ে দেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। খবর বিডিনিউজের।
রপ্তানি খাতকে সহযোগিতা করতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) গঠন করা হয়। বর্তমানে তার আকার কমে দুই বিলিয়ন ডলারে নেমেছে। এই পরিমাণ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে এফবিসিসিআই। ইডিএফ ফান্ড থেকে পাওয়া ঋণের মেয়াদ এক বছর বাড়িয়ে ৫ বছর এবং সুদহার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে ইডিএফ এর আকার দুই দশমিক ৩ বিলিয়ন ডলার। রপ্তানি খাতের ব্যবসায়ীদের জন্য এ তহবিল থেকে স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। এক সময় এর আকার ৭ বিলিয়ন ডলারে উঠেছিল। এ তহবিলের অর্থ খেলাপি হয়ে যাওয়া, ঋণ নিয়ে ফেরত দিতে গড়িমসি ও একটি গ্রুপের কাছেই চার বিলিয়ন ডলারের মত অর্থ চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে অর্থনীতিবিদদের সমালোচনা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানতে গিয়ে ইডিএফের আকার কমিয়ে আনা হয়। এর বিপরীতে ব্যবসায়ীদের সহযোগিতা করতে স্থানীয় মুদ্রায় ১০ হাজার কোটি টাকার ‘রপ্তানি সহায়ক প্রাক–অর্থায়ন তহবিল’ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন বলেন, আমরা বলেছি, ধীরে ধীরে কেইস–টু–কেউস বেসিস ধরে ফান্ডের আকার যেন বাড়ানো হয়। সভায় ৫ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করার বিষয়টি নিয়েও আলোচনা হয়। আলমগীর হোসেন বলেন, আমানতকারী ও ঋণ গ্রহীতা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার কথা আমরা বলেছি। ব্যাংকিং খাতে যে অরাজকতা ও বিশৃঙ্খলা ছিল তা ঠিক করা দরকার।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানিকারকদের সহায়তা করতে পণ্য জাহাজীকরণের সময় একটি ঋণ নেওয়ার সুযোগ ছিল। সেটি এখন বন্ধ করা হয়েছে, আমরা বলেছি সেটি চালু করতে।














