টসেই সেমিফাইনাল পর্বের নিষ্পত্তি ফাইনালে মোহরা ও ক্রিসেন্ট ক্লাব

সিসিএস ট্যালেন্ট কাপ টি-২০ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব বৃষ্টির কবলে পড়েছে। ফলে খেলা ছাড়া কেবল টসের উপর নির্ভর করেই সেমিফাইনাল পর্বের সমাপ্তি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ১ম সেমিফাইনালে সকাল ৯টায় মুখোমুখি হয় মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ। টসে হেরে ব্যাট করতে নামে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব। ১৬ ওভার ব্যাটও করে তারা। এই সময় ২ উইকেটে ১০৬ রান সংগ্রহ করেছিল মোহরা। এরপর বৃষ্টি শুরু হলে আর ব্যাট করা সম্ভব হয়নি। খেলা বন্ধ হয়ে যায়। সে খেলা আর শুরু করা যায়নি। পরবর্তীতে উভয় দলের সম্মতিতে টসের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উভয় দলের সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে টসে জিতে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব ফাইনালে যায়।

বৃষ্টি বিঘ্নিত কারণে মাঠ ভেজা থাকায় দ্বিতীয় সেমিফাইনালটিও মাঠে গড়াতে পারেনি। এ খেলার প্রতিদ্বন্দ্বী দুই দল ইয়ং স্টার ক্লাব এবং ক্রিসেন্ট ক্লাব। পরে উভয় দলের সম্মতিতে টসের মাধ্যমে ম্যাচের ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়। ইয়ং স্টার ক্লাব এবং ক্রিসেন্ট ক্লাবের সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে টসের মাধ্যমে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ক্রিসেন্ট ক্লাব জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ১১ এপ্রিল শনিবার দুপুর ১টায় এ টুর্নামেন্টের ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব বনাম ক্রিসেন্ট ক্লাব। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমসে খেলার টিকেট পেল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণ জয়