কানাডার টরেন্টোতে বসবাসরত সীতাকুণ্ড ও চট্টগ্রামের প্রবাসীদের উদ্যোগে গত ৭ ফেব্রুয়ারি আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে সীতাকুণ্ড সমিতির আয়োজনে টরন্টোর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি প্রবাসী বাঙালিদের জন্য এক প্রাণবন্ত ও উষ্ণ মিলনমেলায় পরিণত হয়।
উৎসবে অংশ নেওয়া অতিথিরা নিজেদের হাতে তৈরি চট্টগ্রামের বিখ্যাত নানা ধরনের পিঠাপুলি নিয়ে উপস্থিত হন। খাবারের টেবিলে শোভা পায় সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী চিতই, ভাপা, পোয়া ও গুঁড়া পিঠাসহ হরেক রকমের নাস্তা। অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রামের এক পিঠাপ্রেমী প্রবাসী জানান, চট্টগ্রামের পিঠা তার সবসময়ই প্রিয়; এমন শীতের দিনে দেশের স্বাদ পেয়ে তিনি সত্যিই আনন্দিত।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন সাইফ মাহমুদ মাসুম, আসকান সিদ্দিকী, তানভী হক, দিলরুবা শেলী, রফিকুল ইসলাম এবং আ, ম, ম, সামসাদ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সমিতির সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন পর্ব। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা তাদের রং–তুলিতে সবুজ বাংলাদেশের ছবি ফুটিয়ে তোলে, যা উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে। চিত্রাঙ্কনের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও খবরাখবর আদান–প্রদানে অংশ নেন। পরিশেষে জাঁকজমকপূর্ণ নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সীতাকুণ্ড সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখা এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ভবিষ্যতেও প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












