কর্ণফুলীর বড়উঠানে সিএনজি টেক্সিতে এক ব্যবসায়ীকে স্প্রে করে অচেতন করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শনিবার বিকেলে উপজেলার বড়উঠান শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন নগরীর ইপিজেড থানাধীন কলসী দীঘির পাড় এলাকার আব্দুল জব্বারের ছেলে আব্বাস (৪৮) এবং হালিশহরের বড়পোল এলাকার মৃত ওয়াজেদ আলী শেখের ছেলে শেখ মোহাম্মদ ইছা (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর এক কিলোমিটার এলাকা থেকে বাঁশখালীর উদ্দেশে ওই ব্যবসায়ী একটি সিএনজি টেঙিতে ওঠেন। একই টেঙিতে ওই দুই ব্যক্তিসহ আরও একজন যাত্রী ওঠেন। কিছুদূর যাওয়ার পর ব্যবসায়ী ঝিমুনি অনুভব করেন। পরে কিছুটা সচেতন হয়ে নিজের পকেটে থাকা ২৩ হাজার টাকা দেখতে না পেয়ে টেঙির ভেতর ভেতর চিৎকার–চেঁচামেচি শুরু করেন।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে টেঙিতে থাকা দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দেন। পরে তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অপর একজন পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, টেঙিতে তাকে স্প্রে করে অচেতন করার পর পকেট থেকে টাকা নিয়ে নেওয়া হয়। কিছুটা সচেতন হওয়ার পর টাকা না পেয়ে তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন।
ঘটনাস্থলে যাওয়া কর্ণফুলী থানার এসআই শাকিল আহমেদ বলেন, ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে গেছেন। তার বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো ভিকটিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আটক ব্যক্তিরা আগে কোনো অপরাধে জড়িত ছিলেন কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












