আগের ম্যাচে হেরে যাওয়া লাহোর কালান্দার্স জয়ে ফিরেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুক্রবার রাতে বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে কালান্দার্স করে ৫ উইকেটে ১৮৫ রান। জবাবে ১৬৫ রানে আটকে যায় সুলতানস। লাহোর কালান্দার্সের জয়ে ফেরায় উল্লেখযোগ্য অবদান রেখেছে মোস্তাফিজের এই বোলিং। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুলতান সুলতানসকে ২০ রানে হারায় শাহিন শাহ আফ্রিদির দল। প্রথম ওভারে আঁটসাঁট বোলিংয়ে একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। পরের দুই ওভারে যদিও খরুচে বোলিং করলেন তিনি। তবে আরও একটি উইকেট নিয়ে দলের সফলতম বোলার বিবেচিত হন এই বাঁহাতি পেসারই। তিন ওভারে ৩৭ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। কালান্দার্সের এই জয়ে বড় অবদান আছে বাংলাদেশের আরেক ক্রিকেটার পারভেজ হোসেনেরও। প্রথম দুই ম্যাচে চার নম্বরে ব্যর্থতার পর, প্রথমবার ওপেনিংয়ে সুযোগ পেয়ে পাঁচ ছক্কা ও দুই চারে ১৯ বলে ৪৫ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।













