পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নাটকীয় জয়ের পরই বাংলাদেশ দলের সঙ্গে নিজের দায়িত্বের শেষ অধ্যায়টাও পূর্ণ করলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন লিপু। হাসিমুখেই সবার কাছ থেকে বিদায় নেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে এমন আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ বিদায়ের দৃশ্য খুব বেশি দেখা যায় না। তার বিদায় নেওয়ার মুহূর্তের খণ্ডচিত্রগুলো বিসিবির ফেসবুকে পোস্ট করা হয়। ভিডিওর শুরুতেই দেখা যায় ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রধান নির্বাচককে ধন্যবাদ দিয়ে বলেন, ‘আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বেস্ট টিমটা তৈরি করার জন্য। আমি সত্যিই খুব খুশি ছিলাম আপনার প্রতি এবং টিম ম্যানেজমেন্টের প্রতি। কখনো কখনো কিছু প্লেয়ার নিয়ে বিতর্ক থাকলেও, আপনি সবসময় দলের স্বার্থকে মাথায় রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। এখানে কোনো ব্যক্তিগত পছন্দ বা ব্যক্তিগত চয়েস ছিল না।’ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘ক্যাপ্টেন ও সিলেক্টরের মধ্যে সবসময় একটি সুস্থ বিতর্ক থাকে। আর আমি সবসময় সেই আর্গুমেন্ট উপভোগ করেছি। যেই বিতর্ক হোক না কেন, সবই বাংলাদেশ দলের জন্য; দল কিভাবে জিতবে, কোন কম্বিনেশন দরকার। এটা সত্যিই ভালো ছিল এবং আমি সত্যিই এটি উপভোগ করেছি।’ শেষে ধন্যবাদ জানিয়ে শান্ত আরও যোগ করেছেন, ‘সামনে যেখানেই যান, আপনার জন্য রইল শুভকামনা। আশা করি আমাদের জন্য, এই দলের জন্য এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আবারও ধন্যবাদ। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই উপভোগ করেছি। ধন্যবাদ।’ টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস অল্প কথাতেই শেষ করেছেন নিজের বক্তব্য, ‘আপনার যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আমাদের ফোনে এভেলেবল। আপনি টেক্সট অথবা ফোন করবেন। ধন্যবাদ।’ সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনছিলেন লিপু। এরপর নিজস্ব ঢংয়ে বক্তব্য শুরু করেন প্রধান নির্বাচক লিপু। শুরুতেই জানান ‘আমি অবশ্যই আপনাদের অনুসরণ করব। ক্রিকেট আমারও একটা বড় ভালোবাসার জায়গা।’











