জ্বালানি তেল মজুত ও অনিয়ম হাটহাজারীতে পেট্রোল পাম্পকে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি ও বিভিন্ন অনিয়মের দায়ে ‘আলাওল পেট্রোল পাম্প’কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। গত রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন পাম্পে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি রোধে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে দেখা যায়, উপজেলার ইসলামপুর এলাকার আলাওল পেট্রোল পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও তা সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল। এই অপরাধে পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন পাম্পে নিয়মিত মনিটরিং ও মজুত যাচাই কার্যক্রম চলছে। এ সময় তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সীমিতভাবে তেল ক্রয় এবং সচেতনভাবে ব্যবহারের অনুরোধ জানান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল
পরবর্তী নিবন্ধমব সৃষ্টির ব্যাপারে কর্ণফুলীতে থাকবে জিরো টলারেন্স নীতি