দেশের জ্বালানি খাতের দুটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে একযোগে পরিবর্তন আনল সরকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ এরফানুল হক। একইসঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের দায়িত্বে এসেছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজানুর রহমান।
এর আগে গত ২৯ জানুয়ারি রাতে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তিন দিন পর ১ ফেব্রুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে একই বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রফিকুল আলমকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিপিসির চেয়ারম্যান করা হয়। তবে এর ২৪ ঘণ্টার মধ্যেই নতুন আদেশে মোহাম্মদ রেজানুর রহমান বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন।












