দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা গতিশীল রাখতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরো দুটি জ্বালানিবাহী জাহাজ। চলমান খালাস কার্যক্রমের পাশাপাশি নতুন জাহাজের আগমন জ্বালানি সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, ‘চ্যাং হ্যাং হং তু’ নামের জাহাজটি মালয়েশিয়া থেকে গ্যাস নিয়ে ১৫ মার্চ বন্দরে এসে বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে। জাহাজটি ইতোমধ্যে প্রায় ৫ হাজার কার্গো গ্যাস খালাস করেছে। আগামীকাল ১৯ মার্চের মধ্যে জাহাজটি সম্পূর্ণ গ্যাস খালাস সম্পন্ন করে নোঙর তুলবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে ওমান থেকে এলপিজি নিয়ে আসা ‘এলপিজি সেভেন’ জাহাজটি গত ৮ মার্চ আগমন করে বর্তমানে কুতুবদিয়া এলাকায় অবস্থান করছে। জাহাজটি থেকে ইতোমধ্যে প্রায় ৭০২০ মেট্রিক টন এলপিজি খালাস করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী শুক্রবার জাহাজটি বন্দরে ভিড়বে এবং সেদিনই খালাস কার্যক্রম শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ২৮টি জ্বালানিবাহী জাহাজের মধ্যে অধিকাংশ ইতোমধ্যে কার্গো খালাস সম্পন্ন করে বন্দর ত্যাগ করেছে। এসব জাহাজের মাধ্যমে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ওমান ও ভারত থেকে এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল, অকটেন ও ডিজেল আমদানি করা হয়েছে।
এছাড়া আরো কয়েকটি জাহাজ বর্তমানে পাইপলাইনে রয়েছে। অস্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে এসব জাহাজ জ্বালানি নিয়ে আসছে, যা পর্যায়ক্রমে বন্দরে পৌঁছে খালাস কার্যক্রম শুরু করবে।
বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়াত হামিম বলেন, জ্বালানি খালাস ও সরবরাহ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন জাহাজগুলোর আগমনে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।












