টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য সুখকর দিন খুব কমই আসে। দলীয় সফলতার পাশাপাশি ব্যাক্তিগত সাফল্য লাভের আশায়ও মুখিয়ে থাকে বাংলাদেশ দল। তবে আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশকে দেখা যাচ্ছে ভিন্ন এক রুপে। ব্যক্তিগত এবং দলগত সবদিক থেকেই যেন দারুণ এক টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ দল। যেখানে উজ্জলতম এক নাম নাজমুল হোসেন শান্ত। একই টেস্টে শান্ত তুলে নিয়েছেন জোড়া সেঞ্চুরি। এমন কীর্তি বাংলাদেশের ক্রিকেটে বিরল। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসের সেঞ্চুরিতে দেশের মাঠে প্রথম শতরানের স্বাদ পেয়েছিলেন শান্ত। দ্বিতীয় ইনিংসেও তিনি তিন অঙ্ক স্পর্শ করলেন । আর তাতে তার নাম লেখা হয়ে গেল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে। বাংলাদেশের প্রায় ২৩ বছর আর ১৩৮ টেস্ট ম্যচের ইতিহাসে জোড়া সেঞ্চুরির মাত্র দ্বিতীয় নজির এটি। এতদিন এই কীর্তি একমাত্র ছিল মোমিনুল হকের। গতকাল সেই মোমিনুলের কাছ থেকেই সবার আগে অভিনন্দন পেয়েছেন শান্ত। উইকেটে যে তখন তার সঙ্গীই ছিলেন মোমিনুল হক।
২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন মোমিনুল। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০৫। শান্ত এবার প্রথম ইনিংসে আউট হন ১৪৬ রানে। দ্বিতীয় ইনিংসে করেন ১২৪ রান। তবে মোমিনুলের আরেকটি রেকর্ড স্পর্শ করতে পারলেননা শান্ত। আর তা হচ্ছে এক ম্যাচে মোমিনুলের ২৮১ রান টপকাতে পারলেননা। আর এই রান এক টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। সেই রেকর্ড এবার নিজের করে নিতে পারলেননা শান্ত। আরেকটি রেকর্ড অবশ্য গড়েই ফেলেছেন শান্ত। এক টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চার মেরেছেন তিনি। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে বাউন্ডারি এসেছিল ২৩টি। দ্বিতীয় ইনিংসে আসে ১৫টি। ৩৮ বাউন্ডারিতে তিনি ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ১২৬ ও ৭৪ রানের দুই ইনিংসে তামিম মোট চার মেরেছিলেন ৩৩টি।
জোড়া সেঞ্চুরির ভিত আগের দিনই গড়েছিলেন শান্ত। মাহমুদুল হাসান জয় আউট হওয়ার পর উইকেটে গিয়ে প্রথম ইনিংসের ফর্মকেই বয়ে আনেন এখানে। দারুণ খেলে দিন শেষে অপরাজিত থাকেন ৫৪ রানে। নতুন দিনেও আবির্ভূত হন তিনি পুরনো রূপেই। সাবলীল ব্যাটিংয়ে আফগান বোলারদের কোনো সুযোগ না দিয়ে পৌঁছে যান শতরানে। প্রথম ইনিংসে তার সেঞ্চুরিতে বল লেগেছিল ১১৮টি। দ্বিতীয় ইনিংসে লাগল ৩ বল কম। সেখানেই তৃপ্ত না হয়ে নিজের ইনিংসটাকে তিনি এগিয়ে নিয়ে গেছেন আরো । আউট হন ১২৪ রান করে। বাংলাদেশে মাত্র ২ জন ক্রিকেটার এক টেস্টে জোড়া সেঞ্চুরি করতে পারলেও বিশ্ব ক্রিকেটে খুব বিরল কিছু নয় এটি। শান্তকে নিয়ে টেস্ট ক্রিকেট জোড়া সেঞ্চুরি দেখল ৯১ বার। একাধিকবার এই কৃতিত্ব দেখানো ব্যাটসম্যানও কম নেই। তিনবার করে এটি করতে পেরেছেন তিনজন। তারা হলেন সুনিল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার।









