জোরারগঞ্জে সড়ক দখল করে কাঠের ব্যবসা

শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মীরসরাইয়ের জোরারগঞ্জ বাজার এলাকার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট এবং জোরারগঞ্জ-বাংলাবাজার সড়কের দেওয়ানপুর এলাকার একটি অংশের দুই পাশ দখল করে চলছে গাছের ব্যবসা। এতে সড়কের ওই অংশে যান চলাচলসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। অথচ এখানে একপাশে মীরসরাইয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। অপর পাশে উপজেলার শীর্ষ বিদ্যালয় জেবি উচ্চ বিদ্যালয়। দুটো ক্যাম্পাসের শিক্ষার্থীসহ প্রতিদিন কয়েক সহস্র শিক্ষার্থী চলাচল করে এই সড়ক দিয়ে। এছাড়া যানবাহন, পরিবহন ও সাধারণ মানুষ তো আছেই। এখনকার ভোগান্তি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়। ব্যবসায়ী নেতারা নানান প্রতিশ্রুতি দেয়। প্রশাসনও সময় বেধে দেন। কিন্তু সেই সময় আর শেষ হয় না। ফলে পাল্টায় না এ সড়কের চিত্র।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্টের জেবি স্কুলের সামনে থেকে ফাইভ স্টার কমিউনিটির সেন্টার পর্যন্ত এবং জোরারগঞ্জ-বাংলাবাজার সড়কের দেওয়ানপুর এলাকা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দুই পাশে সড়ক ও ফুটপাত দখল করে চলছে গাছ বিক্রি। এতে করে এই দুটি রুট দিয়ে চলাচলরত সাধারণ মানুষসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোরারগঞ্জ মহিলা কলেজ ও মৌলভী নজির আহমদ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ স্কুল কলেজ পড়ুয়া এই অঞ্চলের বিভিন্ন শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে কোমলমতী শিশুরা।
এই রুটে চলাচলকারী জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সুপ্লব বণিক ননাই, রুমা মজুমদার ও মিলন নাথ বলেন, সড়ক দখল করে যেভাবে গাছ রাখা হয়েছে, এতে করে অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে। ফলে গাড়ি চলাচলের সময় সন্তানদের দুর্ঘটনার আশঙ্কায় থাকি। এ সময় তারা এই সব সড়ক দখলমুক্ত করে শিক্ষার্থীসহ সবার সুন্দর পথচলা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এই ব্যাপারে জোরারগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি ও এ রুটের কাঠ ব্যবসায়ী প্রসার কান্তি বড়ুয়া বলেন, আমরা বার বার এসব কাঠ ব্যবসায়ীদের বারণ করেছি। কিন্তু কেউ কথা শুনছে না এখন বাকি কাজ প্রশাসনের।
এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার রেজাউল করিম বলেন, আমি শীঘ্রই প্রশাসনের সাথে আলোচনা করে ভ্রাম্যমাণ আদালতের উদ্যোগ নিবো।
মীরসরাইয়ের সহকারী কমিশনার জামিউল হিকমা বলেন, জোরারগঞ্জ এলাকায় সড়কের দুপাশের গাছের ব্যবসা বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে এবং গাছের ব্যবসায় জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র ঈদুল আজহা কাল
পরবর্তী নিবন্ধহাতুড়ি লোহার টুংটাং মুখর কামার পাড়া