হাস্নাহেনার ঘ্রাণটি মধুর
নিঝুম রাতের বেলা
আকাশ জুড়ে যখন বসে
চাঁদের আলোর মেলা।
চাঁদটি খেলে শান্ত নদীর
রঙিন নায়ের পালে
দিঘির জলে জোছনা নাচে
শীতল হাওয়ার তালে।
ঝিঁঝিঁর গানের সুরে সুরে
জোনাকিদের দল
উড়ে উড়ে খেলে বেড়ায়
আনন্দে উচ্ছল।
শারদীয় শিশির বিন্দু
ঝরে টাপুর টুপ
জোছনা মাখা হাস্নাহেনা
দেখতে অপরূপ।









