জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পদের তথ্য তলবের উদ্যোগ দুদকের

মানব পাচার মামলায় রিমান্ডে

| বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

মানব পাচারের মামলায় রিমান্ডে থাকা একএগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পদের তথ্য তলবের উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, রিক্রুটিং এজেন্সি ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড সংশ্লিষ্ট চারজনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। দুদক যাদের নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নূর মোহাম্মদ আব্দুল মুকিত, মেহবুবা আফতাব সাথী ও তাসনিয়া মাসুদ। এ চারজনই ফাইভ এম ইন্টারন্যাশনালের অংশীদার। মাসুদ উদ্দিন চৌধুরী কোম্পানির এমডি। খবর বিডিনিউজের।

দুদকের এক কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারির অনুমোদন আগেই কমিশন দিয়েছিল। তবে সে সময় তাদের অবস্থান নিশ্চিত করা না যাওয়ায় নোটিস পাঠানো হয়নি। তিনি বলেন, মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার হওয়ায় তিনিসহ সংশ্লিষ্টদের সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারির প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে ‘মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের’ অভিযোগে করা দুদকের মামলায় সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

গতকাল ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এই আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এ বিষয়ে শুনানির জন্য ৯ এপ্রিল দিন রেখেছেন আদালত।

গত সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে মানব পাচার ও অর্থ আত্মসাতের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ।ম ডিবি পুলিশের আবেদনের ওপর শুনানি করে আদালত মঙ্গলবার মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দিন রিমান্ডে পাঠায়।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল মাসুদ একএগারোর পট পরিবর্তনের পর পদোন্নতি পেয়ে লেফটেনেন্ট জেনারেল হন। সে সময় আলোচিত ‘গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র সমন্বয়ক ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজেট ফুয়েলের দাম বাড়ল লিটারে ৯০ টাকা
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে চট্টগ্রামে সড়কে ৭ মৃত্যু