জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা সন্ধ্যায়, রাতে স্থগিত

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ৯:২৯ পূর্বাহ্ণ

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম এক লাফে প্রায় ৮২ টাকা বাড়ানোর ঘোষণার ঘণ্টা কয়েক পরই তা স্থগিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমে জেট ফুয়েলের দাম বাড়ানোর তথ্য দেওয়া হয়। পরে রাতে এক বার্তায় নিয়ন্ত্রক সংস্থার সহকারী পরিচালক রাজু আহমেদ তা স্থগিত করার কথা জানান। এর আগে ৮ মার্চ আরেক দফায় দাম বাড়ানো হয়েছিল জেট ফুয়েলের। খবর বিডিনিউজের।

সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে বলা হয়, জেট ফুয়েলের দাম গড়ে ৭৩ শতাংশ বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও ভ্যাটসহ জেট ফুয়েল এ(এভিয়েশন ফুয়েল) এর মূল্যহার প্রতি লিটার ১৯৪ দশমিক ১৮ টাকা করা হয়। বর্তমানে যা ১১২ টাকা ৪১ পয়সা। অপরদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের মূল্যহার প্রতি লিটার ১ দশমিক ২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়। নতুন দর বুধবার মধ্যরাত থেকেই কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।

হঠাৎ করে জেট ফুয়েলের এমন দাম বাড়ানোয় নড়েচড়ে বসে অ্যাভিয়েশন খাত। এর ঘণ্টা কয়েকের মধ্যে দর স্থগিতের সিদ্ধান্ত জানায় এনার্জি রেগুলেটরি কমিশন।

কমিশনের বার্তায় বলা হয়, ‘১৮ মার্চ সমন্বয়কৃত জেট এ(এভিয়েশন ফুয়েল) এর মূল্যহারের কার্যকারিতা কমিশন কর্তৃক স্থগিত করা হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে নিহতদের প্রায় সবাই পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের
পরবর্তী নিবন্ধজাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ