জুলাই সনদ বাস্তবায়নে ৪ কর্মসূচি জামায়াত জোটের

| বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

জুলাই সনদ নিয়ে গণভোটের রায় কার্যকর না করার অভিযোগ তুলে আরও চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ‘১১ দলীয় ঐক্য’। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মাদ মামুনুল হক জানিয়েছেন, ৯ এপ্রিল শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হবে এ কর্মসূচি। ১১ এপ্রিল সারাদেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্বিতীয় দফায় মাঠের কর্মসূচি দিল বিরোধীরা। খবর বিডিনিউজের।

জোটের নেতা মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের সিদ্ধান্তগুলোর বিষয়ে বিএনপি উপেক্ষা করছে। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে। সম্মেলনে জোটের শরিক দলগুলোর জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো চারজনের হাম শনাক্ত, উপসর্গ নিয়ে ভর্তি ১৬