জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপিকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ার করেছে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গতকাল শনিবার বিকালে ঢাকায় বিক্ষোভ সমাবেশে জামায়াতের নায়েবে আমির সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এক দলকে বিদায় করে আরেক দলকে ক্ষমতায় বসাতে জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লব হয়েছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার জন্য রচিত বিদ্যমান সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের জন্য। এজন্যই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আয়োজিত সমাবেশে তিনি বলেন, আজকের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো মন্ত্রিপরিষদের সদস্য, এমনকি সংসদ সদস্যরা জুলাই বিপ্লবের কারণে নির্বাচিত হয়েছেন। আজহারুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি সময় থাকতে সহজে মেনে নেয়নি। অনেক রক্তের বিনিময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে বিএনপি সরকারকে বাধ্য করা হয়েছে। আজও বিএনপি সময় থাকতে সহজে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বাধ্য করা হবে। রাজপথের আন্দোলন সরকারের জন্য সুফল আনে না বলেও তিনি সতর্ক করে দেন। খবর বিডিনিউজের।
আসরের নামাজের পর বায়তুল মোকাররম মজজিদের উত্তর গেইটে সমাবেশের পর মিছিল বের করে জামায়াত জোট। মিছিল বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো অধ্যাদেশ সরকারের ক্ষমতা বৃদ্ধি করে, সেসব অধ্যাদেশ বিএনপি সরকারের খুব পছন্দ। কিন্তু যেই অধ্যাদেশ জনগণের কাছে সরকারকে জবাবদিহিতে বাধ্য করে সেই অধ্যাদেশ বিএনপির খবুই অপছন্দ। এজন্য বিএনপি বাছাই করে সেসব অধ্যাদেশ বাতিল করার পথে হাঁটছে। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু সরকার গঠনের পর গণভোটের রায় তারা মেনে নিচ্ছে না। তিনি হুঁশিয়ার করে বলেন, ৭০ শতাংশ জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকতে পারবেন না।
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য বৈধ হলেও জনগণের ভোটে গণভোট জয়যুক্ত হওয়ার পর বিএনপি গণভোটকে বলে অবৈধ।
বিএনপি নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে কথা না বললেও সংসদে দুই–তৃতীয়াংশ সদস্য বিএনপির হওয়ায় তারা জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচনও অবৈধ। বিএনপি সরকার জনগণের বিপক্ষে হাটছে।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও নূরুল ইসলাম বুলবুল এমপি, মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম।














