জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনও সম্পর্ক নেই বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘জুলাই সনদ থাকা না থাকার উপর গণভোট থাকা না থাকা নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র সক্রিয় ও কার্যকর। ছাত্র–জনতার রক্তের আখরে লেখা সনদ জুলাই সনদ।’ গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘জুলাই সনদ কার্যকর করবে পার্লামেন্ট। বিএনপি তার চেতনা ও হৃদয়ে জুলাই সনদ ধারণ করে।’
জ্বালানি তেল মজুদ ও কালোবাজারি সঙ্গে জড়িতদের সতর্ক করে আসাদুজ্জামান বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ তেল নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র ও কালোবাজারি করে, তাহলে বিশেষ ক্ষমতা আইনে বিচার করা হবে। এ আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে বলে হুঁশিয়ার করেছেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল, নদী খনন ও দখলদার উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে।














