জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাইয়ে চট্টগ্রামের শহীদ ওয়াসিম, শান্ত, ফারুক, হৃদয় তড়ুয়া, ফরহাদ, তানভীরসহ দেশের দু’হাজার শহীদের রক্ত ঋণে আমরা দায়বদ্ধ। জুলাই শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন জুলাই সনদ আইনি মর্যাদা পাবে এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। সরকার দলীয় সংসদ সদস্যগণ ‘সংবিধান সংস্কার পরিষদ’ এর সদস্য হিসেবে শপথ না নিয়ে দেশকে জটিলতার দিকে ঠেলে দিয়েছে।
ইতোমধ্যে ফ্যাসিবাদের পুনরুত্থান দেখে আপামর জনসাধারণ উদ্বেগ –উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করার সুযোগ নেই। অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন।
গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে আয়োজন জুলাই যোদ্ধাদের নিয়ে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার ও মুহাম্মদ উল্লাহ, সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী প্রমুখ। আরও বক্তব্য দেন, শহীদ ওমর বিন নুরুল আবছারের মা রুবি আকতার, শহীদ ওমর ফারুকের স্ত্রী শিমা আকতার, জুলাইযোদ্ধা হুজ্জাতুল ইসলাম সাঈদ, আবরার হাসান রিয়াদ, দেলোয়ার হোসেন, আরমান শাহরিয়ার, আমান উল্লাহ, তানিম মির্জা, মাহবুবুল আলম, সিয়াম এলাহী, আবু সাঈদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












