জীবন এবং বিনিয়োগ : সতর্ক সিদ্ধান্তের কৌশল

মোহাম্মদ আইয়ুব | সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

জীবনকে আমরা একটি ছবি আঁকার সঙ্গে তুলনা করতে পারি। এই ছবিতে কোনো রাবার নেই একবার রেখা টানলে তা স্থায়ী হয়ে যায়। জীবনের প্রতিটি সিদ্ধান্তও তেমনি ভবিষ্যতের ক্যানভাসে স্থায়ী ছাপ ফেলে। আর্থিক জীবন ও বিনিয়োগের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য। এখানে আবেগপ্রসূত বা অপরিকল্পিত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে, আবার জ্ঞানভিত্তিক ও বিশ্লেষণধর্মী সিদ্ধান্ত নিরাপত্তা, স্থিতি ও সমৃদ্ধির পথ তৈরি করে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীদের জন্য দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে আর্থিক ব্যবস্থাপনা ও বিনিয়োগ শিক্ষা প্রদান করতে গিয়ে আমি একটি বিষয় স্পষ্টভাবে উপলব্ধি করেছি অধিকাংশ আর্থিক ব্যর্থতার মূল কারণ তথ্যের অভাব নয়, বরং তথ্য বিশ্লেষণের ঘাটতি। অনেকেই দ্রুত লাভের আশায় বিভিন্ন প্রস্তাবে সাড়া দেন, কিন্তু ঝুঁকি, আইনগত জটিলতা কিংবা দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে পর্যাপ্ত অনুসন্ধান করেন না। একটি পরিচিত বিজ্ঞাপনের গল্পে দেখা যায়এক প্রবাসীকে কম দামে বন্যামুক্ত একটি প্লট কেনার প্রস্তাব দেওয়া হয়। কাগজপত্র মোটামুটি ঠিক থাকলেও জায়গাটি বনবিভাগের মামলায় জড়িত। এখানে সামান্য একটি ঝুঁকি ভবিষ্যতে বড় সংকটে রূপ নিতে পারে। বিনিয়োগের জগতে এই সামান্য অসতর্কতাই অনেক সময় আজীবনের সঞ্চয়কে বিপন্ন করে তোলে।

আধুনিক আর্থিক বিশ্লেষণে তিনটি মৌলিক প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ: ঝুঁকি কতটুকু? প্রত্যাশিত রিটার্ন কতটুকু? এবং প্রয়োজনের সময় অর্থ ফেরত পাওয়ার সুযোগ বা তারল্য কেমন? বিশ্ববিখ্যাত বিনিয়োগ বিশারদ ওয়ারেন বাফেট যথার্থই বলেছেন, ‘এমন জায়গায় বিনিয়োগ করুন যখানে আপনি ঘুমিয়ে থাকবেন, আর বিনিয়োগের লাভ স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছে চলে আসবে।’ এই বক্তব্যের অন্তর্নিহিত দর্শন হলো টেকসই, মৌলভিত্তিকভাবে শক্তিশালী এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করা। তিনি আরও সতর্ক করে বলেন, ঝুঁকি আসে তখনই, যখন আপনি জানেন না আপনি কী করছেন। অর্থাৎ জ্ঞানই নিরাপত্তার প্রথম স্তম্ভ।

বর্তমান বিশ্বে বিনিয়োগের ক্ষেত্র দিন দিন বিস্তৃত ও বহুমাত্রিক হয়ে উঠছে। সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস, সর্বজনীন পেনশন স্কিম, শেয়ারবাজার, বন্ড, মিউচ্যুয়াল ফান্ড, স্বর্ণ, রিয়েল এস্টেট কিংবা প্রযুক্তিনির্ভর খাত প্রত্যেকটিরই রয়েছে নিজস্ব সম্ভাবনা ও ঝুঁকি। কিন্তু বিচক্ষণ বিনিয়োগকারীরা জানেন, সব ডিম এক ঝুড়িতে রাখা বুদ্ধিমানের কাজ নয়। তাই ‘ডাইভারসিফিকেশন’ বা বিনিয়োগে বৈচিত্র্যকরণ ঝুঁকি হ্রাসের অন্যতম কার্যকর কৌশল।

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত সঞ্চয়, সুপরিকল্পিত বাজেট, জরুরি তহবিল গঠন, সঠিক আয়কর ব্যবস্থাপনা এবং অপ্রয়োজনীয় ঋণ পরিহার এই অভ্যাসগুলো আর্থিক স্থিতিশীলতার ভিত্তি নির্মাণ করে। ছোট ছোট শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্তই ভবিষ্যতের বড় নিরাপত্তা নিশ্চিত করে। বিনিয়োগ শিক্ষা কেবল লাভের কৌশল শেখায় না; এটি শেখায় কীভাবে ঝুঁকি বুঝে নিয়ন্ত্রণে রাখতে হয়। জীবন ও বিনিয়োগ উভয়ই এক অনবদ্য শিল্পকর্মের মতো। এখানে প্রতিটি সিদ্ধান্ত একটি নতুন রঙ যোগ করে কখনো উজ্জ্বল, কখনো মৃদু। ভুলের সুযোগ সীমিত হলেও জ্ঞানের পরিসর সীমাহীন। তাই প্রতিটি সিদ্ধান্তের আগে প্রয়োজন চিন্তা, বিশ্লেষণ ও পরামর্শ। প্রকৃতপক্ষে সচেতনতা, গবেষণালব্ধ জ্ঞান ও পরিকল্পিত প্রয়াসই নিরাপদ বিনিয়োগের ভিত্তি। আবেগ নয়, যুক্তি; লোভ নয়, দূরদর্শিতা এই নীতিতে চলতে পারলে আর্থিক জীবন হবে স্থিতিশীল ও মর্যাদাপূর্ণ। রবারবিহীন এই জীবনের ক্যানভাসে প্রতিটি রেখা টানার আগে একটু থামুন, ভাবুন, বিশ্লেষণ করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন তবেই আপনার জীবন ও বিনিয়োগ সত্যিকার অর্থে একটি সার্থক ও স্থায়ী শিল্পকর্মে রূপ নেবে।

লেখক: প্রশিক্ষক ও বিনিয়োগ শিক্ষা বিশেষজ্ঞ।

পূর্ববর্তী নিবন্ধঝর্না
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে