জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিল প্রস্তাবের প্রতিবাদে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। শাখা সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে গতকাল রবিবার বিকেল তিনটায় নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে উক্ত মিছিলটি সমাপ্ত হয়। এসময় মিছিলটি কাজীর দেউড়ি মোড় অতিক্রম করার সময় পুলিশের বাধার সম্মুখীন হয়। পরে চবি ছাত্রদল নেতৃবৃন্দের প্রতিবাদের মুখে পুলিশ মিছিলটি এগিয়ে যেতে দেয়। এ সময় চবি ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের প্রস্তাব বাস্তবায়ন হলে, বীর চট্টলার মাটি থেকেই এই স্বৈরাচার হাসিনা সরকারের পতনের সূচনা হবে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। উক্ত মিছিল ও সমাবেশে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, আরাফাত খান, জসিম উদ্দিন, অর্থ সম্পাদক হাসান আহমেদ, সহ দপ্তর সম্পাদক আইনুল হোসেনসহ চবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












