মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার নগরীর জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে ‘একটি জাতির জন্ম, স্বাধীনতা যুদ্ধ ও জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী গবেষণা পরিষদ, চট্টগ্রাম এ সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি দেশের কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি বলেন, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা গেলে কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পায়, ফলে উৎপাদনশীলতা বাড়ে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়। একই সঙ্গে নগর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনেও এই কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে।
তিনি বলেন, চট্টগ্রামে চলমান খাল ও নালা পরিষ্কার কার্যক্রম নগরবাসীর দুর্ভোগ লাঘবে সহায়তা করছে। কর্ণফুলী নদীর দূষণ রোধ, পলিথিন ব্যবহার কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করবে।
প্রধান বক্তার বক্তব্যে আবু সুফিয়ান এমপি বলেন, স্বাধীনতা যুদ্ধ ছিল সমগ্র জাতির ঐক্যবদ্ধ সংগ্রাম এবং এর সঠিক ইতিহাস সংরক্ষণ করা জরুরি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গবেষণা পরিষদ, চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. মোজাফফর আহমেদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী গবেষণা পরিষদ, চট্টগ্রামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম, বিএনপি নেতা খোরশেদুর রহমান এবং শামসুল আনোয়ার খান। বক্তব্য দেন, বিএনপি নেতা অধ্যাপক আব্বাস আহমেদ, মো. শাহ আলম, সালাউদ্দীন কায়সার লাভু, জাকির হোসেন, গিয়াস উদ্দিন, শফিক আহমেদ, রফিক সর্দার, অ্যাডভোকেট এরশাদুর রহমান, আব্দুল আওয়াল, জসিম উদ্দিন হিমেল, নাছির উদ্দীন, মো. হাসান, আতিকুর রহমান, নজরুল ইসলাম মিয়াজি, শেখ আলাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














