জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র : প্রধানমন্ত্রী

অতীত নিয়ে পড়ে থাকলে আমাদের এক চোখ অন্ধ, আর ভুলে গেলে দুই চোখই অন্ধ

| শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:২০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকে প্রমাণ হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র। তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না। একজন সামরিক সৈনিক ছিলেন। তবে সচেতনভাবেই তিনি স্বাধীনতার চিন্তা চেতনা ধারণ করতেন। একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিজের মনের মধ্যে গভীরভাবে ধারণ করতেন। গতকাল শুক্রবার বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণা দেননি। স্বাধীন বাংলাদেশের জন্য তাঁর একটি দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল। তিনি ছিলেন শুধুমাত্র অপেক্ষায়। শহীদ জিয়া সম্পর্কে আমি যে কথাগুলো বললাম এগুলো আমার নিজের কথা নয় কিংবা নিজের মনগড়া বিশ্লেষণ নয়। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়ার নিজের লেখা ‘একটি জাতির জন্ম’ শীর্ষক নিবন্ধটি এর বড় প্রমাণ। তিনি বলেন, ১৯৭২ সালের ২৬ মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে অধুনালুপ্ত দৈনিক বাংলা পত্রিকার বিশেষ ক্রোড়পত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়ার লেখা নিবন্ধটি প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে দীর্ঘদিন থেকে মানসিক প্রস্তুতি নিয়েছিলেন এর বিস্তারিত এবং ধারাবাহিক একটি বর্ণনা প্রকাশিত নিবন্ধে লেখা রয়েছে।

জিয়ার নিজের লেখা ‘একটি জাতির জন্ম’ নিবন্ধটির শেষ প্যারার কিছু অংশ তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিখেছেন– ‘তখন রাত ২টা বেজে ১৫ মিনিট। ২৬ মার্চ। ১৯৭১ সাল। রক্তের আঁখরে আঁখরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে। স্মরণ রাখবে, ভালোবাসবে। এই দিনটিকে তারা কোনো দিন ভুলবে না। কোনো দিন না।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাত ২টা বেজে ১৫ মিনিটে কি ঘটেছিল? কিসের পরিপ্রেক্ষিতে তখন কি হয়েছিল? স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষকদের জন্য এই তথসূত্রটি ইতিহাসের অনেক বিতর্কের অবসান ঘটাতে পারে বলে আমি বিশ্বাস করি। ১৯৭২ সালে শহীদ জিয়ার লেখা ‘একটি জাতির জন্ম’ নিবন্ধটি যখন প্রকাশিত হয়েছিল তখন মাত্র মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সাক্ষী প্রায় সবাই বেঁচেছিলেন। একজন শহীদ জিয়া যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, তাঁর নিজের অভিজ্ঞতা থেকে তার নিজের লেখা ‘একটি জাতির জন্ম’ লেখাটি আমাদের মুক্তিযুদ্ধের একটি অনন্য দলিল হতে পারে বলে আমি বিশ্বাস করি। কারণ, যুদ্ধ শেষের পর এই প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পরে কারও পক্ষ থেকে আমরা এমন কোনো আপত্তি পাইনি, যা এ প্রবন্ধটিকে খণ্ডন করে।

তিনি বলেন, শহীদ জিয়ার এই প্রবন্ধটি যে শুধু ১৯৭২ সালের ২৬ শে মার্চ প্রকাশিত হয়েছিল তা নয়, আরেকবার প্রকাশিত হয়েছিল ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায়। তখনও কারও কোনো আপত্তি ছিল না। শহীদ জিয়া তার লেখায় যা বলেছেন, তা অবিকল ছিল। সেই সময় সরকারে কারা ছিলেন, রাজনৈতিকভাবে কারা কোথায় অবস্থান করছিলেন আমাদের সবারই ধারণা আছে। কিন্তু সেই সময়ও তৎকালীন সরকার অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ জিয়ার এই প্রবন্ধ বা বক্তব্যকে কোনোভাবেই খণ্ডন করার চেষ্টা করেননি। কারণ, সেই সময় যারা ছিলেন, তারা জানতেন, শহীদ জিয়ার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ প্রবন্ধে লিখিত সত্য।

পূর্ববর্তী নিবন্ধবাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দুইশ ছাড়াল
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা