জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরাই এগিয়ে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসিতে এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় এগিয়ে আছে মেয়েরা। এবার চট্টগ্রামে গড় পাসের হার ৯১.১২ শতাংশ। এর মাঝে ছাত্র পাসের হার ৯০.১৪ শতাংশ। আর ছাত্রী পাস করেছে ৯১.৯৯ শতাংশ। হিসেবে ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার ১.৮৫ শতাংশ বেশি। একইভাবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। এবার সবমিলিয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৭৯১ জন। এর মাঝে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী সংখ্যা ৭ হাজার ৪০৯ জন। আর ছাত্রদের মাঝে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩৮২ জন। হিসেবে ছাত্রদের তুলনায় ২ হাজার ২৭ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
২০১৭ সালের ফলাফলেও একই চিত্র দেখা গেছে। ওই বছর (২০১৭ সালে) পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রেই এগিয়ে ছিল মেয়েরা। যদিও গতবছরের চিত্র ছিল কিছুটা ভিন্ন। পাসের হারে ছেলেরাই এগিয়ে ছিল গতবার। আর জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে ছিল মেয়েরাই। আগের ৫ বছরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে- পাসের হারে কখনো ছেলেরা এগিয়ে থাকছে, আবার কখনো মেয়েরা। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও যেন একই চিত্র। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে সংখ্যায় কোনো বছর মেয়েরা বেশি, আবার কোনো বছর ছেলেরা। এভাবেই যেন পাল্লা দিয়ে চলছে সাম্প্রতিক বছরগুলোতে। অবশ্য, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রায় বছরই মেয়েদের সংখ্যা বেশি পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধবিদায় ২০২১
পরবর্তী নিবন্ধজিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে যেসব প্রতিষ্ঠান