আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে মারামারির ঘটনায় রাফিফং কালাহান (৩০) নামে থাইল্যান্ডের এক নাগরিক মারা গেছেন। তিনি এমটিকেপিপি–০১ নামে একটি জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রাফিফং কালাহানকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসেন শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন। তার বরাত দিয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সমুদ্রের চার্লি অ্যানকর পয়েন্টে নোঙর করা এমটিকেপিপি–০১ জাহাজে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এসময় রাফিফং কালাহানকে ছুরিকাঘাত করা হয়। আশেক বলেন, নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












