জাল নথিপত্র তৈরি করে অটোরিকশা বিক্রির চেষ্টা

তিন চালক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

ভাড়ায় চালানোর জন্য এনে জাল নথিপত্র তৈরি করে একটি অটোরিকশা বিক্রির চেষ্টাকালে তিন চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধৃতরা হলেন মো. সাহাব উদ্দিন (২৫), মজিবুর রহমান (৫২) এবং ওমর ফারুক পারভেজ (৪০)। গত সোমবার দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার বটতল ও টেক্সটাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই এর সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বাবুল নামে পলাতক আরেক চালক লালখান বাজার এলাকার আবুল হাসেম নামে এক ব্যক্তির কাছ থেকে তার মালিকানাধীন অটোরিকশাটি ভাড়ায় চালানোর জন্য নেন। নিজের ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিয়ে অটোরিকশাটি নিয়েছিলেন সে। অটোরিকশাটি নিয়ে যাওয়ার পর দুইদিন পার হলেও বাবুল সেটা ফেরত দেয় না। তখন আবুল হাসেম পিবিআই কার্যালয়ে আইনি সহায়তা চেয়ে আবেদন করেন। পিবিআই কর্মকর্তাদের পরামর্শে তিনি খুলশী থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে পিবিআই পুলিশ সুপার (মেট্রো) সাংবাদিকদের বলেন, তদন্ত শুরু করে জানতে পারি অটোরিকশাটি সাহাবউদ্দিনের কাছে আছে। আমরা তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করি এবং অটোরিকশাটি উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে সাহাবউদ্দিন জানায়, চারজন মিলে অটোরিকশাটি বিক্রির পরিকল্পনা করে। জাহাঙ্গীর নামে এক ব্যক্তির কাছে বিক্রির বিষয়টি চূড়ান্তও হয়েছিল। এজন্য তারা অটোরিকশার জাল লাইসেন্সসহ বিভিন্ন নথিপত্র সৃজন করে। এ তথ্য পেয়ে আমরা বাকি দুজনকে গ্রেপ্তার করি। তবে বাবুল এখনো পলাতক আছেন।

পূর্ববর্তী নিবন্ধরেলস্টেশন থেকে ৯ ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৩০ মিনিটের আগুনে নিঃস্ব ১৫ পরিবার