নারী কাবাডি বিশ্বকাপে মঙ্গলবার বাংলাদেশ ৫৭–২৭ পয়েন্টে হারিয়েছে জার্মানিকে। আগের দিন উগান্ডাকে ৪৪–২২ পয়েন্টে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল স্বাগতিকরা। বোনাস পয়েন্ট পেয়ে শুরু করা বাংলাদেশ পাঁচ মিনিটের মধ্যেই জার্মানিকে একদফা অল আউট করে দেয়। ম্যাচের বাকিটা সময়েও আধিপত্য ধরে রেখে নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল স্মৃতি–রূপালিরা। প্রথমার্ধে জার্মানিকে চেপে ধরে দ্বাদশ মিনিটের মধ্যেই দুইবার অল আউট করে বাংলাদেশ। তারা তখন এগিয়ে ছিল ২২–৫ পয়েন্টে। ১৯ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে জার্মানি কিছুটা প্রতিরোধ গড়ে, তবে উজ্জীবিত বাংলাদেশকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল না। এই অর্ধেও প্রতিপক্ষকে দুইবার অল আউট করেন শ্রাবণী–বৃষ্টিরা। নিজেদের তৃতীয় ম্যাচে আজ বুধবার বিশ্বকাপের শিরোপাধারী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।









