রাঙ্গুনিয়ার আলোচিত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে সন্তানসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত ইউসুফের স্ত্রী ও মামলার বাদী শাহিনুর আকতার রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি ডায়েরি দায়ের করেন।
সূত্র জানায়, ইউপি নির্বাচনে পরাজয়ের জেরে চলতি বছরের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রবাসী ইউসুফের উপর হামলা চালানো হয়। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ আলীর স্ত্রী বাদী হয়ে নির্বাচনে পরাজিত প্রার্থী আজগর আলীসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামিসহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। সমপ্রতি তৌহিদুল ইসলাম মামুন (৩২) ও মো. সাগর খান (২২) নামে দুই আসামি জামিনে বের হন। জিডিতে উল্লেখ করা হয়েছে, জামিনে বেরিয়ে আসামি ও পলাতক আসামিরা মিলে মামলা তুলে নিতে নিহত ব্যক্তির পরিবারকে নানাভাবে চাপ দিচ্ছেন। এমনকি মামলার স্বাক্ষীদেরও ভয়ভীতি দেখাচ্ছেন। মামলা তুলে না নিলে হত্যার হুমকি দেয়া হচ্ছে। শাহিনুর আক্তার দাবি করে বলেন, স্বামীকে হারিয়ে ছোট ছেলেমেয়েদের নিয়ে এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছি। এখন তাদের অব্যাহত হুমকির কারণে ভয়ে আছি। নিহত ইউসুফের ছোট ভাই ও ইউপি সদস্য মো. তৈয়ব বলেন, মামলার আসামিদের অব্যাহত হুমকির পর পরিবারের সবাই ঘর-বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে। এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে একাধিবার চেষ্ঠা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, পুলিশ মামলার বাদীর অভিযোগ তদন্ত করছে। বাদী ও তার পরিবারের নিরাপত্তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে।








