চট্টগ্রাম–১১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের নির্বাচনী ইশতেহার প্রকাশ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, শফিউল আলম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও এলাকার টেকসই উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম–১১ আসনের পরিচালক মুহাম্মদ উল্লাহ, মাহমুদুল আলম, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সেক্রেটারি আবু তালেব, সদরঘাট থানা জামায়াতের আমির এম এ গফুর, ইসলামী ছাত্রশিবির মহানগরী দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।
নগর আমীর বলেন, শফিউল আলমের নির্বাচনী ইশতেহার চট্টগ্রাম–১১ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও জনআকাঙ্ক্ষাভিত্তিক। তাঁরা জনগণকে আগামী নির্বাচনে শফিউল আলমের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সমর্থন জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রার্থী মোহাম্মদ শফিউল আলম তাঁর নির্বাচনী ইশতেহার পাঠ করেন। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে চট্টগ্রাম–১১ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে তিনি ১২টি বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে–সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়ন। তিনি এসব পরিকল্পনা বাস্তবায়নে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











