জামায়াত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে নারী মিছিল

চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে গতকাল রোববার নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে পথে নেমে আসেন এলাকার বিপুল সংখ্যক নারীরা। মিছিলে অংশগ্রহণকারী নারীরা স্বতঃস্ফূর্তভাবে দুর্নীতি, চাঁদাবাজি ও সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন।মিছিলটি বন্দরটিলা আলী শাহ মসজিদের সম্মুখ থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিজেড মোড়ে এসে শেষ হয়। চট্টগ্রাম১১ আসনের পরিচালিকা সাহেদা মতিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগরীর মহিলা সেক্রেটারি ফরিদা খানম, নগর কর্মপরিষদ সদস্যা আয়েশা পারভিন, রাবেয়া বেগম ও রোকেয়া বেগম প্রমুখ। এ সময় তারা মোহাম্মদ শফিউল আলমের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

মিছিলোত্তর নারী সমাবেশে শফিউল আলম বলেন, আজকের এই নারী সমাবেশ প্রমাণ করে, চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) এলাকার মাবোনেরা আর নীরব দর্শক থাকতে চান না। তারা একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সরাসরি অংশ নিতে রাজপথে নেমে এসেছেন। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে নতুন করে সাহস ও প্রেরণা দিয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে একটি দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেবুর নেছা
পরবর্তী নিবন্ধমোহরায় সিদ্দিকে আকবর (রা.) স্মরণে বার্ষিক সালানা ওরস আজ