জামায়াতে ইসলামীর সঙ্গে জোটভুক্ত কারা কত আসনে প্রার্থী দেবে, সেটি চূড়ান্ত নাহলেও এনসিপি কত আসনে প্রার্থী দেবে তা দুয়েক দিনের মধ্যেই ঘোষণার কথা বলছেন নাহিদ ইসলাম। গতকাল শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ। তিনি বলেন, আমরা আশা করি, আগামীকাল (রোববার) বা পরশুর মধ্যে ঘোষণাটা আসবে, অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে নির্বাচন করতেছি এই জোটে, সেটা আমরা পরিষ্কার করতে চাই। ১১ দলের এ জোটের কারা কত আসনে প্রার্থী দেবে তা চূড়ান্ত নাহলেও জোট নির্বাচনের জন্য প্রস্তুত বলে মন্তব্য করেন নাহিদ। খবর বিডিনিউজের।
ভোটের প্রতিযোগিতামূলক কার্যক্রম কোনো দল বা জোটই ভালোভাবে শুরু করতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, বিএনপির জায়গা থেকেও তারা কিন্তু তাদের বিদ্রোহীদের সঙ্গে কথা বলে তাদেরকে বসানো, ফুল ফ্লেজে (পুরোদস্তুর) কিন্তু তারাও নামাতে পারেনি। জামায়াত ও এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে। আমরা অলরেডি গণভোটের প্রচার শুরু করে দিয়েছি। আমরা মাঠেঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতা জিনিসটার কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণা আসাটা বাকি। কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি।










