ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর জামায়াতের আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল রোববার সন্ধ্যা সাতটার কিছু পরে পরবর্তী সরকারপ্রধান হতে যাওয়া তারেক রহমান দলের নেতাদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিরোধী দল হতে যাওয়া জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান। দেশের বিবদমান রাজনৈতিক সংস্কৃতিতে জয়ের পর সরকার গঠন করতে যাওয়া দলের প্রধান নেতার প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়ার ঘটনা বিরল। আগের দিনই বিএনপির তরফে জানানো হয়েছিল দলের চেয়ারম্যান এবারের ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী এক সময়ের জোটসঙ্গী জামায়াতের প্রধান শফিকুরের বাসায় যাবেন। এনসিপির আহ্বায়ক ও অভ্যুত্থানের সামনের সারিতে থাকা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের বাসাতে যাবেন বলে শনিবার জানানো হয়েছিল। খবর বিডিনিউজের।
গতকাল জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সঙ্গে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা। এ সময় জামায়াতে সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

এ সৌজন্য সাক্ষাতের বিষয়ে বিএনপির ফেসবুক পেইজে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে জামায়াত আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। বিএনপি নেতারা বলেন, দলের একাধিক জ্যেষ্ঠ নেতার পরামর্শে তারেক এবারের ভোটে মূল প্রতিদ্বন্দ্বী জামায়াত আমিরের বাসায় গেছেন।
এরপর গতকাল রাত সাড়ে ৮টায় বেইলি রোডে নাহিদের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার সঙ্গে ছিলেন। তারেক রহমানকে সময় স্বাগত জানান নাহিদ। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এবং অন্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন সেখানে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে ঢাকা–১১ আসনে জয় পেয়েছেন নাহিদ।












