জাপানের নির্বাচনে বড় জয়ের পথে প্রধানমন্ত্রী তাকাইচির জোট

বুথফেরত জরিপ

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৪০ পূর্বাহ্ণ

তীব্র ঠাণ্ডার মধ্যে তুষারপাত উপেক্ষা করে আগাম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন জাপানের ভোটাররা। শুরু হয়েছে ভোট গণনা। এর মধ্যেই বুথফেরত জরিপে আভাস পাওয়া যাচ্ছে যে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রক্ষণশীল জোট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। খবর বিডিনিউজের।

জাপানের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, অভিবাসন আইন কঠোর করা সহ বেশ কিছু উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন করে জনরায় পেতে রোববারের ভোটের ডাক দিয়েছিলেন তাকাইচি। সংবাদমাধ্যম এনএইচকের জরিপ বলছে, তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জোট শরিক জাপান ইনোভেশন পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬৫ আসনের মধ্যে ৩৬৬ টি আসন পেতে পারে। ভোটগ্রহণ শেষের প্রায় ৯০ মিনিটের মধ্যেই দেখা গেছে, এলডিপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩ আসন পেয়ে গেছে। দলটি ৩২৮ টি আসন জিততে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে, যা হবে দলটির জন্য এ যাবৎকালের সবচেয়ে ভাল ফল। এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৬৪ বছর বয়সী তাকাইচি। তিনি জানিয়েছেন, নির্বাচনে এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি পদত্যাগ করবেন। দুর্নীতি কেলেঙ্কারি ও বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়ের কারণে এলডিপি তাদের কয়েক দশকের পুরনো জোট শরীকদের সমর্থন ও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। তাকাইচির নেতৃত্বে এ আগাম নির্বাচনের মধ্য দিয়ে দলটি আবার ঘুরে দাঁড়াবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তাকাইচি সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পরও জনসমর্থনের স্পষ্ট ম্যান্ডেট পেতে চাইছিলেন। সে কারণে আগাম নির্বাচন অনুষ্ঠান করলেন তিনি। ভোটাররা তাকাইচিন সোজাসাপ্টা কথা, কঠোর পরিশ্রমের ভাবমূর্তি ভোটারদেরকে আকৃষ্ট করেছে। তবে জাতীয়তাবাদের দিকে তার ঝোঁক এবং নিরাপত্তায় জোর দেওয়ার প্রবণতার কারণে শক্তিশালী প্রতিবেশী দেশ চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে। তাছাড়া, তার কর কর্তনের প্রতিশ্রুতিতে অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনতুন ট্রাম্প ফোনের ডিজাইনে বদল, দামও চড়া?
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিভিন্ন যানবাহনকে জরিমানা