জাতীয় স্কুল হকিতে মিউনিসিপ্যাল মডেলের অর্জন চট্টগ্রামের জন্য গর্বের

সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় পর্যায়ে ৫৪তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার হকি ইভেন্টে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ। এই অনন্য কৃতিত্বের জন্য বিজয়ী দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল রোববার বিকেলে টাইগার পাসস্থ চসিক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড় ও কোচদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সারা বাংলাদেশের মধ্যে এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, এটি পুরো চট্টগ্রাম নগরবাসীর জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের যদি আরও ভালোভাবে পরিচর্যা ও প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে তারা অবশ্যই বিজয়ের মালা ছিনিয়ে আনতে পারবে। মেয়র বলেন, এই অর্জনের জন্য আমি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। যেহেতু তারা রানার্স আপ হয়েছে, তাই তাদের প্রতি আরও যত্ন ও নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।

ইনশাআল্লাহ, ভবিষ্যতে তারা আরও বেশি পরিশ্রম করলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারব। এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ আবদুল হক, ক্রীড়া শিক্ষক নয়ন কান্তি সুশীল, বিশিষ্ট হকি কোচ মহসিনুল হক, সহকারী কোচ নুরুল ইসলাম ইমন, হকি টিমের অধিনায়ক আদিত্য তালুকদার, টিমের সদস্য সুদিপ্ত পাল, দ্বীপ দাশ, তারেক মনোয়ার, মো. তারেক, মে. রফিক, আরাবি আরাফাত, মো. আলভি, অংকিত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ক্রিকেট উৎসব সম্পন্ন
পরবর্তী নিবন্ধলাহোরে আইসিসি-পিসিবি সভায় বিসিবি সভাপতি