বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের চট্টগ্রাম ভেন্যুর খেলায় খাগড়াছড়ি জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেরায় খাগড়াছড়ি ৫ উইকেটে মাদারীপুর জেলাকে পরাজিত করে। খাগড়াছড়ির এটি দ্বিতীয় জয়। প্রথম খেলায় তারা লক্ষ্মীপুর জেলাকে পরাজিত করেছিল। গতকাল টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে মাদারীপুর। ৪২.৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১৫৭ রান সংগ্রহ করে। দলের হয়ে সাজেদুর রহমান ৩২,আল আমীন ২৩,রাকিবুল ইসলাম ২১,আবিদ ঢালী ১৫,জীবন ব্যাপারী ১১,রনি ব্যাপারী অপরাজিত ২৬ এবং কাজী ওয়াহিদুজ্জামান ১২ রান করেন। খাগড়াছরি হয়ে মো. শাকিব ৩টি উইকেট লাভ করেন। ২টি করে উইকেট নেন ইসরাত হোসেন এবং অহি মজুমদার। ১টি করে উইকেট পান উষা প্রু মারমা এবং সাফায়েত হোসেন। জবাবে খাগড়াছড়ি ৩৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে নেয়। ওপেনার মো. কাওসার ৫১ রানে এবং আবু নাইম ১৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া শামসুদ্দিন বাপ্পা ৩২,সাফায়েত হোসেন ১৯,ইসরাত হোসেন ১৮ এবং সাফায়েত ইফতি ১১ রান করেন। মাদারীপুরের পক্ষে ২টি করে উইকেট নেন নুরুজ্জামান মাসুম এবং রনি ব্যাপারী। ১টি উইকেট পান তাইফ মোহাম্মদ রাজিন।












