বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম ভেন্যুর খেলায় যশোর দ্বিতীয় জয় পেয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যশোর ৬ উইকেটে লক্ষ্মীপুর জেলাকে পরাজিত করে। যশোর এর আগে মাদারীপুরকে হারিয়েছিল। গতকাল টসে জিতে লক্ষ্মীপুর প্রথমে ব্যাট করে। ৪৮.৩ ওভার খেলে ১৫০ রান সংগ্রহ করে তারা সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে মম রেজা ৪৬, হাবিবুর রহমান ২৫,নাহিদ হাসান ২২, তানজিদ আহমেদ ১৬ ও আহমেদ শরীফ ১১ রান করেন। যশোর জেলার মেহেদি হাসান ৩৭ রান দিয়ে এবং রাহুল হোসেন ৩৪ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। জবাবে যশোর জেলা দল ২৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে নেয়। যশোরের সাদমান রহমান ৬১, মো. মিকাইল ৩৩ রান করেন। কালাম সিদ্দিকি ৪০ রান করে অপরাজিত থাকেন। লক্ষ্মীপুরের নাহিদ হাসান ৪৬ রান দিয়ে ২টি উইকেট নেন। আজকের খেলায় মাদারীপুর ও খাগড়াছড়ি অংশ নেবে।












