জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ঘন্টার পর ঘন্টা সংবিধানের ধারা উপধারা নিয়ে আলোচনা করে সংবিধান বিশেষজ্ঞের খ্যাতি অর্জন করা যাবে, কিন্তু জুলাই সনদের বিষয়ে জনরায়কে উপেক্ষা করা যাবে না। জুলাই সনদের পক্ষে ম্যান্ডেট দিয়েছে ৭০% ভোটার আর সরকার গঠিত হয়েছে ৫১℅ ভোট নিয়ে। কাজেই সরকার সংখ্যাগরিষ্ঠতা পেলে জুলাই সনদ মহা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অবিলম্বে ম্যান্ডেট মেনে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে হবে। গণভোটের মাধ্যমেই প্রেসিডেন্ট জিয়ার শাসন এবং বেগম খালেদা জিয়ার সংসদীয় সরকার পদ্ধতি বৈধতা পেয়েছিল। অনুরূপ আজকের ডকট্রিন অব নেসেসিটি হলো জুলাই সনদের আইনি মর্যাদা প্রতিষ্ঠা।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে ওয়ার্ড দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী হোসাইন মুহাম্মদ তামিমের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের কাছে সোপর্দ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফারুকে আজম, খুলশী থানা আমির অধ্যাপক আলমগীর ভূঁইয়া, বায়েজিদ থানা আমির জাকের হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













