জাতীয় লজিস্টিক্স উন্নয়ন ও সমন্বয় কমিটি জাতীয় লজিস্টিক্স পলিসি তৈরিতে সাচিবিক সহায়তা প্রদানের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শাহিদা সুলতানা চিটাগাং চেম্বার পরিচালকমণ্ডলী এবং লজিস্টিক খাতের বিভিন্ন ব্যবসায়ী ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। চেম্বারের নবনির্বাচিত সহ–সভাপতি রাইসা মাহবুবের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, প্রাইভেট সেক্টর বিশেষজ্ঞ মোহাম্মদ লুৎফুল্লাহ, চেম্বার পরিচালকবৃন্দ এ কে এম আক্তার হোসেন, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, নবনির্বাচিত পরিচালকদ্বয় মাহফুজুল হক শাহ ও ওমর মুক্তাদির, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, চৌধুরী গ্রুপের শাহেদ সরোয়ার, এপিএল লজিস্টিক্সের মোহাম্মদ এনামুল হক ও সীল্যান্ডের মাহমুদুল করিম চৌধুরী। এছাড়া নৌ–পরিবহন মন্ত্রণালয়ের উপ–সচিব আমিনুর রহমান, চেম্বার পরিচালক মোহাম্মদ আদনানুল ইসলাম, নবনির্বাচিত পরিচালকদ্বয় মাহবুবুল হক ও মোহাম্মদ আকতার পারভেজ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শাহিদা সুলতানা বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি এবং সরকারের আন্তরিকতায় জাতীয় লজিস্টিক পলিসি প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরের প্রতিনিধিদেরকে নিয়ে উচ্চ পর্যায়ের সাব–কমিটিও গঠন করা হয়েছে। তাই পলিসি প্রণয়নের পূর্বে স্টেকহোল্ডারদের মতামত জানতে এসেছি আমরা। বন্দর ও কাস্টমসের বিভিন্ন সমস্যা বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত আগের বিভিন্ন পলিসিগুলো যৌক্তিকীকরণ করে ন্যাশনাল লজিস্টিক্স পলিসি প্রণয়ন করা হবে। খসড়া পলিসি প্রণয়নের পরও আপনাদের কাছ থেকে মতামত নেয়া হবে যাতে করে একটি বাস্তবমুখী লজিস্টিক্স পলিসি প্রণীত হয়। এছাড়াও বন্দর কাস্টমস এবং লজিস্টিক্স সেক্টরের লাইসেন্স প্রদান সংক্রান্ত বিভিন্ন সমস্যা বিবেচনায় নিয়ে নীতি প্রণয়নের আশ্বাস দেন শাহিদা সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।












