জাতিসংঘকে তদন্তের প্রস্তাব দেবে সরকার

হাদি হত্যাকাণ্ড যমুনার সামনে রাতে ইনকিলাব মঞ্চের আন্দোলনের মধ্যে এল এ ঘোষণা

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৬ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের দপ্তরকে দেওয়ার প্রস্তাব করবে অন্তর্বর্তী সরকার। হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনের মধ্যে অন্তর্বর্তী সরকারের তরফে এ ঘোষণা এল। গতকাল বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে, যত দ্রুত সম্ভব এই মামলার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনারের দপ্তরকে প্রস্তাব দেওয়া হবে। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার এ মামলায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে অটল রয়েছে এবং এ ধরনের যেকোনো তদন্তে সর্বাত্মক সহযোগিতা দেবে। খবর বিডিনিউজের।

রাতে যখন প্রেস সচিব এ সিদ্ধান্তের কথা জানান, তখন হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সংগঠনটির একাধিক সদস্য যমুনার দিকে অগ্রসর হন। এ সময় তারা হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

দুইদিন আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভাসমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যেই সংগঠনটির ব্যানারে সেখানে অবস্থান নিয়েছেন সদস্যরা। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম রাত পৌনে ৯টায় বলেন, ওরা দাবি তুলেছে জাতিসংঘের মাধ্যমে তদন্ত করার। আমরা ওদের সাথে কথা বলছি।

রাত সোয়া ৮টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে বলা হয়, চারপাশে শতশত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদেরকে ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে। আমাদেরও শেষ কথাশহিদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবধি আমাদের মেরে ফেলা হলেও আমরা একচুলও আমাদের অবস্থান থেকে সরব না।

এর ঘণ্টাখানিক আগে দেওয়া এক বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, প্রশাসনের পক্ষ থেকে ৭টার মধ্যে আমাদের অবস্থান ত্যাগ করবার জন্য বলা হয়েছে। আল্লাহর কসম করে বলি, শহীদ হাদির স্ত্রী এখানে আছেন, তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে ক্ষমতাশীলদের জীবনকে আমরা জাহান্নাম বানিয়ে দেব। তিনি বলেন, শহীদ ওসমান হাদির স্ত্রী যদি আগামী সাতদিন এখানে অবস্থান করবেন বলেন আমরা তার পাশে অবস্থান করব। আমরা সরে যাওয়ার জন্য আসিনি। জাবের বলেন, আমরা কঠিন কোনো বার্তা নিয়েও আসিনি।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবিরসহ তিনজনকে সেখানে অবস্থান নিতে দেখা যায়। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংগঠনটির আরেকটি ফেসবুক পোস্টে বলা হয়, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ব্যাপারে আগামী ১ ঘণ্টার মধ্যে যদি মুহাম্মদ ইউনুসের তরফ থেকে কোনো বার্তা না আসে, ছাত্রজনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হল। পরে সন্ধ্যা ৭টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা যমুনার সামনে গিয়ে অবস্থান নেন। সেখানে ছিলেন শহীদ ওসমান হাদির স্ত্রী, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ অনেকেই। এতে সংহতি জানাতে রাতে যোগ দেন ঢাকা৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীও।

পূর্ববর্তী নিবন্ধ৬ দিনের ধকল সামলানোর চেষ্টা শুরু
পরবর্তী নিবন্ধআশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড