জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

| মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে কীভাবে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা যায় সেই সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য বিমোচন সম্ভব, তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বৈঠকে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। খবর বাসসের। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষ স্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমওলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন, আগামী দশদিনের মধ্যে সেই নাম প্রস্তাব করবে ধর্ম মন্ত্রণালয়। জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে এই কমিটি শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তাদের সুপারিশ পেশ করবে। বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধটাউন হল রেস্টুরেন্টে ৪৪ আইটেমের আয়োজন
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে : ডিআইজি