জমি নিয়ে বিরোধ, দুই ছেলের মারধরে বৃদ্ধ বাবার মৃত্যু

টেকনাফের সাবরাং

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলের মারধরে কালা মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাত ১টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে ওই ব্যক্তি মারা যান বলে জানা যায়। নিহত কালা মিয়া টেকনাফ সাবরাং ইউনিয়নের বাসিন্দা। আর অভিযুক্ত দুই ছেলের নাম হলোশাকের আলম ও মনির আলম।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালা মিয়ার সঙ্গে দুই ছেলের দীর্ঘদিন ধরে জমি বিক্রি নিয়ে বিরোধ চলছিল। জমি দুই ছেলের নামে লিখে দেওয়ার জন্য বাবাকে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করেন তারা। এরই জেরে সোমবার বাবাকে তুলে নিয়ে যায় দুই ছেলে। এর পরে তারা তাকে কিল ঘুষি মেরে হত্যা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মামুন জানান, হাসপাতালে আসার আগে কালা মিয়ার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত কালা মিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, আমার বাবাকে গতকাল (মঙ্গলবার) আমার ভাই মনিরুল আলমের শ্যালিকার বাসায় তুলে নিয়ে লুকিয়ে রাখে। আমরা পুরোদিন খুঁজেও বাবাকে পাইনি। পরে রাত ১২টার দিকে বাবাকে বেহুঁশ অবস্থায় পেয়েছি। তখন সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ভাইয়েরা সামান্য জমির লোভে আমার বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে দুই ছেলে মিলে হত্যা করেছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

পূর্ববর্তী নিবন্ধবহু প্রতীক্ষিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু
পরবর্তী নিবন্ধআনন্দবাজারে ডোবায় গাড়িচালকের অর্ধগলিত লাশ