চট্টগ্রামের বাঁশখালীতে কাথরিয়া ইউনিয়নের মানিক পাঠান গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানিক পাঠান গ্রামের নওশা মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ধানের জমিতে বৈদ্যুতিক মেশিনের সাহায্যে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আবুল কালাম। পরে তাকে বাঁশখালী হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা মিলি তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, হাসপাতাল থেকে এক ব্যক্তি বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গেছে বলে জানানো হয়েছে। পুলিশ প্রেরণ করা হয়েছে; প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।












